হেরাজ মার্কেট মসজিদ ইস্যুতে কেসিসি প্রশাসকের সাথে ইমাম পরিষদের সাক্ষাৎ

তদন্ত প্রতিবেদন হস্তান্তর
স্টাফ রিপোর্টার : হেরাজ মার্কেট মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে খুলনা জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুর ২টায় নগর ভবনে মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এ সময় কেসিসি প্রশাসকের পক্ষ থেকে ইমাম পরিষদের ওপর অর্পিত তদন্তের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদন প্রশাসকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সাক্ষাতে ইমাম পরিষদের নেতৃবৃন্দ হেরাজ মার্কেট মসজিদ সংক্রান্ত বিষয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা দৃঢ়ভাবে জানান, ইমাম পরিষদ কোনো অপরাধীর পক্ষ নেবে না।
একই সঙ্গে দীর্ঘ ৩৭ বছর ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে ইমামতির দায়িত্ব পালনকারী স্বনামধন্য আলেম মাওলানা আবুল কালাম আজাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রশাসকের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন ইমাম পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও, পরিচ্ছন্ন নগর গঠন এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম সফল করতে ইমাম পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেওয়া হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ.এফ.এম নাজমুস সউদ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, প্রচার সম্পাদক মাওলানা মোল্লা মিরাজুল হক, সদর থানা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ডা. এম এ কাদের, মাওলানা জাকির হোসাইন এবং মাওলানা জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



