তেরখাদার নুরে আলম হত্যা মামলায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার ঃ ২৪ ঘণ্টার মধ্যে খুলনার তেরখাদা উপজেলার চাঞ্চল্যকর নুরে আলম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। তাদের দু’জনকে দিঘলিয়া ও নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, তেরখাদা উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা ইদ্রিস মোল্লার দু’ ছেলে সোহেল মোল্লা ও সাইফুল মোল্লা।র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জের ধরে এবং বোরো ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ (শহিদুল ও সাইফুল গ্রুপ)-এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে সাইফুল গ্রুপের পাঁচজন সদস্য ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আহত হন। তাদের সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নূরুল ইসলাম শেখ ওরফে নূরে আলম শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দিঘলিয়া ও নড়াইল জেলার কালিয়া উপজেলা থেকে উল্লিখিত দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।



