খুলনা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলায় বিএফইউজে ও এমইউজে খুলনার নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। সংগঠন দু’টির নেতারা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৬ এপ্রিল রোববার বিকেলে খুলনা প্রেসক্লাবে যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। সাংবাদিক সমাজ বিগত ১৭ বছর মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে তার ঘা শুকাতে না শুকাতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কারণ, ছাত্র-জনতার পাশাপাশি বহু সাংবাদিকের প্রাণের বিনিময়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। কাজেই স্বাধীন সাংবাদিকতাবিরোধী যেকোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। আমরা বিশ্বাস করি, বহু মতপথের গণতান্ত্রিক ব্যবস্থা টিকে রাখার জন্য স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। যারা এ সত্য উপলব্ধি করতে ব্যর্থ হবে তারাই স্বাধীন সাংবাদিকতাবিরোধী এবং গণতন্ত্রের দুশমন হিসেবে চিহ্নিত হবে।
বিএফইউজে ও এমইউজের পক্ষ থেকে অবিলম্বে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনার সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি; অন্যথায় অতীতের মতো সাংবাদিক সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।



