স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসীদের তান্ডব : মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রেসক্লাবে অনধিকার প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-২০, তাং ২৭.০৪.২৬। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ থাকা আসামিরা হলেন-রিপন আকন (৪২), গাউস (৪৮), হালিম (৪৮) ও মিজান (৪৭)। এজাহার সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে দেশীয় অস্ত্রসহ একদল সন্ত্রাসী খুলনা প্রেসক্লাবে জোরপূর্বক প্রবেশ করে। তারা আসন্ন ৩০ এপ্রিলের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ারকে খুঁজতে থাকে এবং তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় উপস্থিত দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক তারিকুল ইসলামসহ অন্যরা বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর আক্রমণের চেষ্টা চালায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার আগে হুমকি দিয়ে বলে, “আগামী ৩০ এপ্রিল কীভাবে নির্বাচন করো, আমরা দেখে নেব।”
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদেও গ্রেফতারে রাতভর অভিযান চালানো হলেও এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে হামলার প্রতিবাদে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ সাংবাদিকরা। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে হামলার পরপরই রোববার (২৬ এপ্রিল) রাতে প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।” এছাড়া বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, পুলিশ চাইলে দ্রুত সময়ের মধ্যেই জড়িতদেও গ্রেফতার সম্ভব। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button