স্থানীয় সংবাদ

৪শ’ টাকার ডায়ালাইসিসে গুণতে হচ্ছে ২৭শ’ টাকা

খুমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস বন্ধ
চরম ভোগান্তিতে রোগীরা

শেখ মোঃ জাকির হোসেন, খুমেক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন বিকল থাকায় আপাতত ডায়ালাইসিস কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন কিডনি রোগীরা। স্বল্প খরচে সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে বেশি খরচে ডায়ালাইসিস করাতে হচ্ছে।
ভুক্তভোগী রোগীরা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারিভাবে মাত্র ৪০০ টাকায় ডায়ালাইসিস করানো যেত। কিন্তু মেশিন নষ্ট থাকায় এখন বাইরে থেকে প্রতি সেশন ডায়ালাইসিস করাতে গুনতে হচ্ছে প্রায় ২ হাজার ৭০০ টাকা। বারবার এই অতিরিক্ত খরচ বহন করা অনেক রোগীর পরিবারের পক্ষেই সম্ভব হচ্ছে না।
রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি থেকেও বাইরে গিয়ে ডায়ালাইসিস করাতে হচ্ছে, এতে যেমন আর্থিক চাপ বাড়ছে, তেমনি শারীরিক কষ্টও বেড়েছে। দ্রুত মেশিন সচল করে স্বল্প খরচে ডায়ালাইসিসের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০টি কিডনি ডায়ালাইসিস মেশিন রয়েছে। এর মধ্যে দুটি মেশিন বিকল হয়ে পড়েছে। পাশাপাশি পানি সরবরাহের জন্য ব্যবহৃত ওয়াটার প্ল্যান্ট (আরও) মেশিনটিও নষ্ট রয়েছে। যদিও এসব মেশিনের পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে, তবে মেয়াদ শেষ হওয়ার আগেই গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এগুলো বিকল হয়ে যায়।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, “মেশিন বিকলের বিষয়টি জানিয়ে ২৫ এপ্রিল সিএমএসডিতে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত মেশিন মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দু-একদিনের মধ্যেই মেশিন সচল করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “মেশিন বন্ধ থাকায় অসহায় রোগীদের দুর্ভোগ বাড়ছে, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে ডায়ালাইসিস সেবা পুনরায় চালু করা হবে।”
রোগীদের আশা, দ্রুত মেশিন মেরামত করে হাসপাতালের ডায়ালাইসিস সেবা চালু করা হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button