রূপসায় সরকারি পিচের রাস্তা খনন অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ

# সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার ঃ রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরির অভিযোগ উঠেছে। এঘটনায় রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সার্কেল বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। (২৮ এপ্রিল) ভুক্তভোগী মো. মহব্বত শেখ এ অভিযোগপত্রটি দায়ের করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক সিএসএস হাসপাতালের সামনে একই এলাকার স্বপন কুমার দাসের ছেলে উত্তম কুমার দাস (৪০) ও মিঠুন কুমার দাসসহ অজ্ঞাত ৮-১০ জনের একদল সংঘবদ্ধ লোকজন নিয়ে সরকারি পিচের রাস্তা খনন করে ব্যবসায়িক সুবিধার জন্য অবৈধ ভাবে ইমারত তৈরি করছেন। উক্ত সময় ভুক্তভোগী মহব্বত সহ এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিপক্ষ দখলকারীদের অবৈধভাবে রাস্তা খননের করার বিষয়টি জানতে চাইলে তারা কোন সদউত্তর না দিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগাজ করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র হাতুড়ী ও শাবল নিয়ে মারতে তেড়ে আসে। এমনকি ভুক্তভোগী মহব্বত শেখ (৩০) ও মো. সুলাইমান সরদার (৬৫) কে উপর্যুপরি বেধড়ক মারধর করে। এতে তারা আহত হয়। মুহুর্তের মধ্যে এলাকাবাসী ঘটনাস্থলে জড় হলে প্রতিপক্ষ হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। এছাড়া পালিয়ে যাওয়ার সময় তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি, ভয়ভীতিসহ প্রান নাশের হুমকী প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এখনও পর্যন্ত বিভিন্ন মাধ্যমে সুকৌশলে অবৈধভাবে সরকারি পিচের রাস্তা দখল করার পায়তারা করে আসছে। বিষয়টি সু-বিবেচনা পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুবিচার পাওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এব্যাপারে অভিযুক্ত উত্তম কুমার দাস বলেন, আমার বাপদাদার জমির উপর দিয়ে সরকারি রাস্তা গেছে। আমাদের বিল্ডিং থেকে রাস্তার ১২ ফিট্ ফাঁকা রেখে কাজ করতেছিলাম। আমাদের নিজেদের মধ্যে যেকোনো কারনে মন ক্ষুন্ন হয়েছে। আবার মিটিয়েও গেছে।

