যশোরে ফ্যামিলি কার্ড পেলেন ২০৪২ জন

যশোর ব্যুরো ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতির ফ্যামিলি কার্ড পেলেন যশোরের দুই হাজার ৪২ জন। শনিবার (১৬ মে) বিকেলে সদর উপজেলার ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। এদিকে, তারেক রহমানের উদ্বোধনের আগেই মোবাইল ফোনে ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে বেজাই খুশি উপকারভোগীরা। যশোরে নির্বাচনি জনসভায় এসে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান; সেটা বাস্তবায়ন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীর্ঘায়ু কামনা করেন অনেকে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকার মুখে ফাঁকা বুলি দেয় না। সরকারের প্রতিটি নির্বাচনি প্রতিশ্রুতিই আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, সরকারের যেমন যশোরে এসে ফ্যামলি কার্ডের প্রতিশ্রুতি ছিল; যশোরবাসী হিসাবে আমারও নির্বাচনে ওয়াদা ছিল এই কার্ডের। তারই অংশ হিসাবে চাঁচড়াতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হলো। আস্তে আস্তে সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ড, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম খুবই দ্রুত ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী অমিত। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ।



