নড়াইলে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির জয়পুর ইউনিয়নের ‘কৃষ্ণপুর খাল’ ও লাহুড়িয়া ইউনিয়নের ‘লাহুড়িয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। রোববার (১৭ মে) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গোবিন্দপুর ত্রি-মোহনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিমায়েত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা যুবদলের আহব্বায়ক খান মাহমুদ আলম এবং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআও) অফিস সূত্রে জানা গেছে , দুটি খালের ১.৭৫০ কিলোমিটার পুনঃখননে এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ছয় শত উনত্রিশ টাকা ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার ও লাহুড়িয়া খাল ১১শ মিটার পুনঃখনন করা হবে। উদ্বোধনী শেষে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘খাল আপনাদের। কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। যদি কোন অসঙ্গতি দেখতে পান, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো’।



