দিঘলিয়ায় খোলা বাজারের ১০বস্তা চাল উদ্ধার, আত্মগোপনে মূল হোতা

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার লাখোহাটী বাজারের একটি মুদি দোকান থেকে সরকারের খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। তবে আত্মগোপনে কালোবাজারে ক্রয় করা ব্যবসায়ী এরশাদ শেখ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার কিছু ওএমএস ডিলার প্রায়শঃই ও এম এস বরাদ্দকৃত চাল চোরাই পথে লাখোহাটী বাজারের ব্যবসায়ী এরশাদ শেখের নিকট বিক্রি করে।
গত শনিবার রাত ১০ টা থেকে ১১ টার সময় ডিলার মহসিন কালোবাজারে চাল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে কামারগাতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ লাখোহাটী বাজারের এরশাদ শেখের দোকানে অভিযান চালিয়ে ১০বস্তা ও এম এস চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উক্ত রাতে দোকান বন্ধ করে চাবি স্থানীয় কামরুল মেম্বরের নিকট দেওয়া হয় এবং প্রাথমিকভাবে অভিযোগ ওঠা ডিলার মহাসিন ও কালোবাজারে চাল কেনা দোকানদার এরশাদ শেখকে স্বশরীরে হাজীর হওয়ার জন্য নির্দেশ দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।
গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম ও দিঘলিয়া থানা পুলিশ সঙ্গে নিয়ে লাখোহাটি বাজারে যান। নিজে উপস্থিত থেকে এরশাদের দোকান থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে দিঘলিয়া থানায় জিম্মা রাখেন। তবে ডিলার মহসিন বলেন, উদ্ধারকৃত চাল তিনি বিক্রি করেননি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ও এম এস ডিলারের খাতা পত্র আপডেট দেখে মনে হচ্ছে এ চাল অন্য কারো। এবিষয়ে সঠিক করে বলতে পারবে পলাতক এরশাদ শেখ। আগামীকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, উদ্ধারকৃত চালের ব্যাপারে আজ মঙ্গলবার আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।



