স্থানীয় সংবাদ

যশোরে ৩ হাজার পিস ইয়াবাসহ ভারতীয় কফ সিরাপ উদ্ধার : আটক ৪

যশোর ব্যুরো ঃ যশোরে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ হযরত আলী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বেনাপোলের সাদীপুর গ্রামের জামাত আলীর ছেলে। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডল জানান,ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নড়াইল থেকে যশোরগামী ‘অথৈই-সোহান পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী হযরত আলীর কাছে থাকা শুঁটকি মাছের একটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, একই দিন ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর শহরের মনিহার-মুড়লি সড়কের বকচর হুশতলা এলাকায় একটি সাদা রঙের পিকআপে অভিযান চালায় ডিবি পুলিশ। পিকআপের কেবিনের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তিনজন হলেন ঢাকার কামরাঙ্গীরচর থানার কুড়ালঘাট এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মনির ওরফে মতিন (৪৮), একই থানার হাসাননগর এলাকার মৃত আসাদুল্লাহর ছেলে শমসের আলম (২৮) এবং ব্যাটারঘাট এলাকার দুলাল সর্দারের ছেলে রাহাত (২৮)। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার ম-ল আরো জানান, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button