বাগেরহাটে লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া উমাজুরি গ্রামে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের ছাত্রলীগের একজন স্থানীয় নেতা লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইভ চালিয়ে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে লিমন মোল্লা আত্মহত্যা করে। এ সময় সে বাড়িতে একাই ছিল। সে এলাকার সিরাজ মোল্লার ছেলে এবং স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। ব্যক্তিগত জীবনে সে একজন শিশু মেয়ের জনক। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথেও কথা বলেছেন। লিমনের একমাত্র কন্যা সন্তান মোড়েলগঞ্জ পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে। স্ত্রীর সাথে মনোমালিন্য, পারিবারিক দ্বন্ধসহ বিভিন্ন মানসিক চাপের কারনে সে আত্মহত্যার করেছে বলে জানা গেছে। লিমন মোল্লা তার পিতা-মাতার একমাত্র সন্তান। মোড়েলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান শুক্রবার সকালে জানান, আত্মহত্যার খবর পেয়ে থানা থেকে পুলিশ রাতেই ওই বাড়ীতে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ শুক্রবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।



