বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ এম, হুমায়ুন কবির, সুভাষ সাহা, আনোয়ার হোসেন, বরকত আলী, হংস শুভ্র হালদার এবং নওশাদুজ্জামান পল্টু, এক যৌথ বিবৃতিতে, বিএনপি সরকার কর্তৃক বিদ্যুৎ এর মূল্য ১৬.৬৮% বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, সরকার ক্ষমতায় এসে ইতিপূর্বে এলপিজি গ্যাসের মূল্য ৪০.০৫ % এবং জ্বালানি তেলের মূল্য ও দুইবার বৃদ্ধি করেছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফিতী আরও ঊর্ধমুখী হয়ে, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। বিদ্যুৎ খরচের প্রকৃত মূল্যের সাথে, ডিমান্ড চার্জ, ভ্যাট এর টাকাও বৃদ্ধি পাবে। ফলে বিদ্যুৎ খাতের সাথে সংশ্লিষ্ট উৎপাদিত জিনিষের দাম বাড়বে, যে বাড়তি টাকা জনগণের পকেট থেকেই দিতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাপাসিটি চার্জের নামে অলস বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ৬০ হাজার কোটি টাকা প্রদান, ভারতের আদানি গ্রুপের সাথে উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয়, সিস্টেম লসের নামে দূর্নীতি, প্রভৃতি কারণে বিদ্যুৎ সেক্টরে ভর্তুকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সংসদেও মূল্য বৃদ্ধি প্রসঙ্গে কোন আলোচনাও হয়না। নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুৎ এর অতিরিক্ত মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ক্যাপাসিটি চার্জ বন্ধ করা, আদানির সাথে সম্পাদিত চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতে দূর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান।



