শার্শায় সেই পুলিশ সদস্য মামুনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে ঘেরাও করে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ব্যবসায়ী শ্যামলগাছী গ্রামের পিন্টু রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন একই গ্রামের আব্দুল বারেক, শফিয়ার রহমান, তহিদুল ইসলাম ও মশিয়ার রহমান। অভিযোগ আমলে নিয়ে বিচারক সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি একজন সাধারণ ব্যবসায়ী। আসামিদের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে গত ২৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে শার্শার শ্যামলগাছী গেট মোড়ে তিনি অবস্থান করার সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধ হয়ে বাঁশের লাঠি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে ঘিরে ধরে। এ সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে জখম করে। মারধরের একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। উল্লেখ্য, সম্প্রতি যশোরের শার্শায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্যকে মারধরের ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে গত ৪ জুন মামলা হয়। ওই মামলাটি করেন পুলিশ সদস্য মামুনের ছোট ভাই রয়েল। এর দুইদিন আগে ২ জুন মামলা করেন বিএনপি নেতা মিন্টুর ভাই পিন্টু। তাদের মামলা শার্শা থানা আমলে নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।



