স্থানীয় সংবাদ

শেরপুরে ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ধানক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালকের নাম কাজল মিয়া। তিনি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিনকে জানানো হয়। স্থানীয় ইউপি সদস্য মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। মরদেহের হাত-পা ওপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় দেখা যায়। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ইজিবাইক নিয়ে বের হন কাজল মিয়া। এরপর রাতে আর ফেরেননি তিনি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় মিলেছে। আইনি প্রক্রিয়া চলমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button