খুলনায় কিশোরীকে লক্ষ্য করে গুলি : পায়ে বিদ্ধ

স্টাফ রিপোর্টার : খুলনা সদর থানাধীন রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, গুলিবিদ্ধ কিশোরী ইতি কথিত শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান হিসেবে পরিচিত আশিকের ছোট বোন। তবে এ ঘটনার সঙ্গে ওই পরিচয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



