গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ : স্বামী পলাতক

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলি বেগম (২৮) ওই গ্রামের মিজান শেখের মেয়ে। তার স্বামীর নাম আলামিন (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিলি বেগম ও তার স্বামী আলামিন একসঙ্গে গোসল করতে বাড়ির পাশের একটি পুকুরে নামেন। কিছুক্ষণ পর আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের মোবাইল ফোন ও টাকা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় পরিবারের সদস্যরা মিলির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মিলি পরে বাড়ি ফিরবেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও মিলি বেগম বাড়িতে না ফেরায় তার মা পুকুরপাড়ে গিয়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন। কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকা- হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



