স্থানীয় সংবাদ

নড়াইলে ট্রাক দুর্ঘটনায় ঘুমন্ত স্কুলছাত্রী নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী গ্রামে রাতের নিস্তব্ধতা ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে বসতঘরের উপরে।এতে ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (৫জুলাই) মধ্যরাতে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শামীমা আক্তার সেতু ওই এলাকার হাফিজার মোল্যার মেয়ে। তিনি স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এছাড়াও গুরুতর আহত হাফিজার মোল্লার ছোট মেয়ে মিতু (৮) । এই দুর্ঘটনায় সেতুর পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে নলদী গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায়। নিহতের পারিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানদার হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। নিদ্রায় বিভোর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। এমন সময় মিঠাপুর হয়ে একই উপজেলার ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। রাত ১২টার দিকে পাথরবোঝাই ট্রাকটি পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা টিনের ঘরের উপরে উল্টে পড়ে। এসময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ের উপর চাপা পড়ে । শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে পাথর সরিয়ে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মিতু নড়াইল সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button