খুলনায় চাঁদার দাবিতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে রাসেল মোল্লা নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাসেল মোল্লা একই এলাকার কাঞ্চন মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দাবিকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত রাসেল মোল্লার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে লবণচরা থানার পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



