মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লহাট উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (৩২) নামে একজন কৃষক নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামের সোহাগ শেখের ছেলের সাথে তার চাচাতো ভাই ফেরদৌস শেখের ছেলের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়। সেই বিরোধ শুনতে গিয়ে সোহাগ ও ফেরদৌস কথাকাটিতে জড়িয়ে পড়ে। কথাকাটাকাটির এক পর্যায়ে ফেরদৌস ক্ষুব্দ হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে চাচাতো ভাই সোহাগের বুকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রবিবার রাতেই সোহাগের মরদেহ উদ্ধার করে। ফেরদৌস পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।



