খুলনার পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে হাজতি পলায়ন : পুলিশের তল্লাশি জোরদার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সদর থানাধীন পুরাতন জেলা কারাগার থেকে এক হাজতি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারাগারে জরুরি সতর্কসংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কারাগার সূত্রে জানা গেছে, পলাতক হাজতির নাম ইমন মাঝি (৩২)। তার হাজতি নম্বর ১৬০৭/২৬ এবং তিনি আব্দুল মাঝির ছেলে। তিনি একটি চুরি মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে ছিলেন। প্রাথমিক তথ্যে জানা যায়, তিনি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন হাজতি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং কীভাবে তিনি পালাতে সক্ষম হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই কারাগার কর্তৃপক্ষ, খুলনা সদর থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পলাতক হাজতিকে গ্রেপ্তারে চারপাশে তল্লাশি শুরু করেছে। পুলিশের একাধিক দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
এদিকে, কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পলাতক হাজতিকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।


