স্থানীয় সংবাদ

খুলনায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা আর্ট একাডেমি

খবর বিজ্ঞপ্তি ঃ শিল্প, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে নিবেদিত প্রতিষ্ঠান খুলনা আর্ট একাডেমি খুলনায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য, ন্যায়, গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসনের ওপর আঘাত। ১৪ জুলাই রাতে খুলনা জাতিসংঘ পার্কসংলগ্ন এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরও বলেন, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠালগ্ন থেকে সাংবাদিকরা প্রতিষ্ঠানের শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবিক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে তারা আমাদের পাশে থেকেছেন। তাই সাংবাদিকদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিদাতাগণ হলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, হাতের লেখার প্রশিক্ষক ধনঞ্জয় রায়, সংগীত শিক্ষক রামপ্রসাদ রায়, দ্বৈপায়ন বিশ্বাস, সহকারী শিক্ষক সুব্রত কুমার ম-ল এবং সহকারী শিক্ষিকা শর্মি দেবনাথ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button