নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় নিখোঁজের দুইদিন পর একটি পরিত্যক্ত ভবন থেকে আমিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমিরন নেছা জেলার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গত ১৩ জুলাই আমিরন নেছা নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি আরও জানান, বুধবার রাতে স্থানীয়রা পরিত্যক্ত ভবনের ভেতরে ওই বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার মরদেহের পাশে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ আমিরন নেছার বলে শনাক্ত করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



