স্থানীয় সংবাদ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় : মাওলানা এমরান হুসাইন

# খুলনা জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহা. এমরান হুসাইন জুলাই শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তিনি বলেন, তাদের রক্তে লেখা এই ইতিহাস চিরকাল বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের আজকের দায়িত্ব হলো তাদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের শুরু হয়েছিল এই জুলাইয়ে। অকুতোভয় ছাত্র-জনতা, শ্রেণি, ধর্ম, বর্ণ, শ্রেণি পেশার ও বয়স সব ভেদাভেদ মুছে দিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। জাতির সম্মিলিত প্রতিরোধে গড়ে ওঠে স্বৈরশাসকের ভিত্তিমূল। তাই আজকের এই জুলাই একটি নতুন সূর্য, ভিন্ন এক জুলাইয়ের গল্প। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান এর পূর্বে এক ভয়াবহ দু:শাসন এদেশের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। আবু সাঈদ, মুগ্ধ, হাফেজ সিয়াম, সাকিব রায়হান, ইয়াসিন এর মত শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। আমরা এই শহীদদের কাছে চির কৃতজ্ঞ। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। তিনি জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে দেশ জাতির কল্যাণে একনিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান। ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের স্মরণে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। খুলনা জেলা অফিস সেক্রেটারি আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, অধ্যাপক স ম এনামুল হক ও এডভোকেট আবু ইউসুফ মোল্যা, রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি নাজিম উদ্দিন, রূপসা উপজেলা নায়েবে আমীর ডা. রেজাউল কবীর খান, সেক্রেটারি ডা. হাবিবুল্লাহ ইমন, সহকারী সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন, খুলনা জেলা ছাত্রশক্তির আহবায়ক কমিটির সদস্য ফাহাদ গাজী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর সেক্রেটারি মোহাম্মদ আবু জাফর, নৈহাটি ইউনিয়ন আমীর মাওলানা মহিউদ্দিন, টিএসবি ইউনিয়ন আমীর অধ্যাপক আসাদুজ্জামান, আইচগাতী ইউনিয়ন আমীর মাওলানা হেকমত আলী, শ্রীফলতলা ইউনিয়ন আমীর মোহাম্মদ সেলিম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের রূপসা পূর্ব থানা সভাপতি তানিমুল ইসলাম শ্রাবণ, রূপসা পশ্চিম থানা সভাপতি মুরসালিন আকন, শহীদ ইয়াছিন আলীর গর্বিত মাতা মনজিলা বেগম প্রমুখ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মামুনুর রশিদ। পরে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসব উপস্থিত সকলে আমীন আমীন কন্ঠে কান্নায় ভেঙে পড়েন। এর আগে জুলাই শহীদ ইয়াছিন আলীর কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
জেলা আমীর আরও বলেন, নতুন বাংলাদেশ এ সব শহীদ আহত ও পঙ্গুত্ববরণকারীদের। তিনি বলেন, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে জাতিকে মুক্ত করতে গিয়ে আহত-পঙ্গুত্ব বরণ করেছে তারা ইসলামের দৃষ্টিতে গাজী এবং গণহত্যার শিকার সকলে শহীদ। তিনি বলেন, আমাদের শহীদেরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যেই স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের বীজ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠাকালেই বুনেছে। জামায়াতে ইসলামী দীর্ঘকাল ধরে সেই আন্দোলনই করে আসছে। জামায়াতে ইসলামীর আন্দোলন সঠিক ছিল এদেশের ছাত্র-জনতা ২০২৪-এ বুঝতে পেরেছে। এজন্য তারা জীবনের মায়া ত্যাগ করে দেশকে ভালোবেসে ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। তিনি উপস্থিত সকলকে বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় রাজপথ ও আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button