স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোংলায় পাইপ লাইনে গ্যাস চালু করা হবে: নৌ-মন্ত্রী রবিউল আলম

বাগেরহাট প্রতিনিধি ঃ সরকারের নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। আর এই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে।
রবিবার বিকেলে মোংলার বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মোংলায় নৌপরিবহন মন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাক্তি উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। নৌপরিবহন মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করা হবে। আমরা জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। তিনি বলেন, মোংলা নদীর উপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরে কোল্ড স্টোরেজ করা হবে এবং মোংলা হবে ইন্ডাস্ট্রিয়াল হাব। সরকার এ বিষয়ে কাজ করছে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম। এর আগে দিন দুপুরে মন্ত্রী জেলা সদরে উপস্থিত হয়ে বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা অংশের পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন করেন। এ সড়ক পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, সংসদ সদস্য মো. আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটি এম আকরাম হোসেন তালিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার উপস্থিত ছিলেন। এ ছাড়াও মন্ত্রী বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় ও সরকারী প্রফুল্ল চন্দ্র কলেজে বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button