খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ১৩৩ : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ৩ হাজার ৮২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সর্বমোট ১৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ, খুলনা-এর দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১০১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা জেলায় মোট ১ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। খুলনা জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগের অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে চলতি বছরে মোট ৯১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ জনের মৃত্যু হয়েছে। যশোরে ভর্তি হয়েছেন ৩৭১ জন, ঝিনাইদহে ৫৭ জন, মাগুরায় ৯৩ জন, নড়াইলে ১৫৭ জন, কুষ্টিয়ায় ৯১ জন, চুয়াডাঙ্গায় ৭ জন এবং মেহেরপুরে ৭০ জন।
সাতক্ষীরা জেলায় চলতি বছরে মোট ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। বর্তমানে সেখানে যথাক্রমে ৪ জন ও ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ৮২৩ জনের মধ্যে ৩ হাজার ২৬৭ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০২ জন। এ সময়ে ৩৯ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।



