খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩৮ : হাসপাতালে ভর্তি ৫১৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন করে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেংগু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৩ জন।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের ২১ আগস্ট ডেঙ্গুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৪ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৪৬৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেংগুতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন বাগেরহাট জেলায়। সেখানে ৩৩ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় ১ জন, সাতক্ষীরা জেলায় ২ জন, যশোর জেলায় ১ জন এবং মেহেরপুর জেলায় ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খুলনা জেলায় চলতি বছরে মোট ১ হাজার ১৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৮৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ২০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এ জেলায় ডেঙ্গুতে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৯০২ জন ডেংগু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৭১ জন ছাড়পত্র পেয়েছেন, বর্তমানে ১১৮ জন চিকিৎসাধীন এবং ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটে চলতি বছর মোট ৯৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৫৩ জন ছাড়পত্র পেয়েছেন, বর্তমানে ৯৮ জন চিকিৎসাধীন এবং ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩২ জন রোগীকে রেফার করা হয়েছে।
সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত ২১ জন ডেঙ্গু ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫ জন ছাড়পত্র পেয়েছেন, ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং ১ জনকে রেফার করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫১ জন রোগী ভর্তি হয়েছেন; ৪০ জন ছাড়পত্র পেয়েছেন এবং ১১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
যশোরে এ পর্যন্ত ৩৯১ জন ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৫৬ জন ছাড়পত্র পেয়েছেন, ৩৩ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ২ জনকে রেফার করা হয়েছে।
এছাড়া ঝিনাইদহে ৫৮ জন, মাগুরায় ৯৯ জন, নড়াইলে ১৫৯ জন, কুষ্টিয়ায় ৯৪ জন, চুয়াডাঙ্গায় ৮ জন এবং মেহেরপুরে ৭৫ জন ডেঙ্গু রোগী চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২১ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের কোনো জেলাতেই গত ২৪ ঘণ্টায় ডেংগু আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।



