কুষ্টিয়ায় বিয়ের রাতেই বরের মৃত্যু : দুই পরিবারে শোকের মাতম

কুষ্টিয়া প্রতিনিধি ঃ একমাত্র ছেলে আনাসের বিয়ে। আনাস একটি বেসরকার লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো। পরিবারের একমাত্র সন্তানের বিয়েতে আয়োজনের কোন কমতি রাখেনি পিতা ইউসুফ আলী। আত্মীয়-স্বজন প্রতিবেশি সকলেই আনন্দিত ছিলেন এই বিয়ে ঘিরে। বিয়ে বাড়িতে দিনভর আনন্দের পরে গান-বাজনা চলে রাত পর্যন্ত। শুক্রবার (২১ আগস্ট) সকালে তাদের বৌভাত অনুষ্ঠান হওয়ার আয়োজনও চলছিল। কিন্তু সে আনন্দের রাত মুহুর্তেই শোকে পরিণত হয়ে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান সদ্য বিবাহিত বর আনাস। নববধূর সাথে সখের বাসর ঘরেও যাওয়া হয়নি তার। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বর আনাস আহম্মেদ বাপ্পি (২) এলাকার ইউসুফ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে গ্রামের জারার (২০) সঙ্গে আনাস আহমেদ বাপ্পির বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ছেলে ও নতুন বউকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ। বিয়ের রাতেই বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন। ফ্যানটি অন্যদিকে ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বৌভাত উপলক্ষে দু’টি গরু জবাই করে আটশ’ লোকের খাবারে আয়োজন ছিল। এর মধ্যে একটি গরু জবাই করে গোস্ত কাটাকাটির কাজ চলছিল। শুক্রবার দুপুর আড়াইটার সময় গাছেরদাইড় উত্তপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় করবস্থানে তার দাফন করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



