ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। সেসময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিম শিশুর পরিবার থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



