স্থানীয় সংবাদ

যাত্রীসেবা বৃদ্ধি ও প্রশাসনিক গতিশীলতা আনয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

# বিআইডব্লিউটিএ’র মাসিক সমন্বয় সভা #

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা ও সেবার মান বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার তিন সদস্য (অর্থ, প্রকৌশল এবং পরিকল্পনা ও উন্নয়ন), সকল বিভাগীয় প্রধান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, দেশের সকল নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সিপিএস এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভার সার্বিক কার্যবিবরণী উপস্থাপন করেন প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক এস এম শাহেদ রেজা।
সভায় দাপ্তরিক স্বচ্ছতা, সুশাসন এবং সেবামূলক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে প্রশাসনিক সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস), সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (জেইএমএস), ডি-নথি ব্যবস্থাপনা এবং ডিজিটাল আর্কাইভ সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দাপ্তরিক ওয়েবসাইট নিয়মিত হালনাগাদকরণ এবং তথ্য অধিকার আইন (আরটিআই) অনুযায়ী স্বচ্ছতার সাথে তথ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
আইনি প্রক্রিয়া ও অডিট কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি এবং দেওয়ানি মামলাগুলোর উৎপত্তি, বিষয়বস্তু, আর্থিক সংশ্লেষ ও গুরুত্ব অনুযায়ী ক্যাটাগরি করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। এছাড়া বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
নৌ-পথের সার্বিক ব্যবস্থাপনা ও যাত্রীসেবা আরও উন্নত করার জন্য দেশের নদী বন্দরসমূহে নিয়মিত মাসিক সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে যাত্রী সাধারণের যাতায়াত সহজ ও নিরাপদ করতে খুলনা, চিলমারী, মংলাসহ সম্প্রতি নতুন ঘোষিত নদী বন্দর ধুনট ও সারিয়াকান্দিতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পন্টুন সরবরাহের সিদ্ধান্ত সভায় বিশেষ প্রাধান্য লাভ করে।
সভা শেষে চেয়ারম্যান দাপ্তরিক কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button