শিরোমণি সংবাদপত্র বিক্রেতার জমি জবরদখল করে ৩ লক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি (মধ্যপাড়া) এলাকায় সংবাদপত্র বিক্রেতা মফিজুর রনহমানের জমি জবরদখল করে মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়া এবং বসতঘর ভেঙে ফেলার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে খানজাহান আলী থানায় এবং ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সৈয়দ মফিজুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, শিরোমণি মধ্যপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ মফিজুর রহমান তাঁর পারিবারিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসত ঘরবাড়ি তৈরি এবং গাছপালা লাগিয়ে ভোগ দখলে থেকে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার প্রতিবেশী শেখ আক্তার হোসেন এবং তাঁর ছেলে শেখ আল-আমিন জোরপূর্বক গায়ের জোরে তাঁদের দখলীয় জমির সীমানা ভেদ করে প্রায় ৮ থেকে ১০ ফুট জায়গা অবৈধভাবে দখল করে নেয়। শুধু তাই নয়, অভিযুক্তরা সীমানা অতিক্রম করে মফিজুর রহমানের জমি থেকে লাগানো আনুমানিক ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা মূল্যের ১৮ থেকে ২০টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়।
ভুক্তভোগী সৈয়দ মফিজুর রহমান লিখিত অভিযোগে আরোও উল্লেখ করেন, শান্তিপূণভাবে বসবাস এবং সীমানা বিরোধের জন্য সার্ভেয়ার (আমিন) ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপস-মীমাংসার সুযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তরা সরাসরি পেশিশক্তি প্রয়োগ করেছেন। বর্তমানে তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে ভুক্তভোগী মফিজুর রহমানের বসতঘর ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগে জানা যায়।
এ বিষয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মফিজুর রহমান ও তাঁর পরিবার। তিনি খানজাহান আলী থানা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট বিষয়টি দ্রুত তদন্ত পূর্বক জমি উদ্ধার এবং তিন লক্ষ টাকার ক্ষতিপূরণের ন্যায়বিচারের দাবী জানিয়েছেন।



