খুমেক হাসপাতালে মানসম্মত মাতৃ ও প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নে নেটওয়ার্কিং সভা

শেখ মোঃ জাকির হোসেন, খুমেক প্রতিনিধি ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নে বহু-অংশীজন নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রামÑআরএইচস্টেপের উদ্যোগে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাসিক নিয়মিতকরণ, গর্ভপাত-পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা, স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করার বিষয়ে আলোচনা হয়। গাইনি বিভাগের প্রধান ডা. জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলীসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা। সভায় প্রায় ৩০ জন প্রতিনিধি অংশ নেন। এতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে সেবার মান, রেফারেল ব্যবস্থা ও পারস্পরিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর অংশীদারিত্বের মাধ্যমে প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু ও অসুস্থতা কমানোর পাশাপাশি সবার জন্য মানসম্মত প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় আরএইচস্টেপের নির্বাহী পরিচালক মো. আশিকুল ইসলাম অতিথিদের শুভেচ্ছা জানান। সংস্থাটির কার্যক্রম ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. এলভিনা মুস্তারী ও তৌফিক উল করিম চৌধুরী। উল্লেখ্য, আরএইচস্টেপ ১৯৮৩ সাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।



