খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী এবং কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথি বলেন, মহানবী হযরত মুহম্মদ (সা.) তাঁর জীবন ও কর্মের একটি আদর্শ রেখে গেছেন। এই আদর্শ হলো আমাদের জীবন চলার পথ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর আদর্শ অনুসরণ করতে পারলে মানুষের জীবন হবে সমৃদ্ধ। শৈশব থেকে আদর্শের চর্চা শুরু করা দরকার। তিনি বলেন, মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সকলের ন্যায্য অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা এবং মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উম্মতদের দিক নির্দেশনা দিয়েছেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা দারুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মো: আবু রহীম সরদার, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুফাসসের মোহাম্মদ মোশাররফ হোসেন, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুছ ছউদ ও খান-এ-সবুর মহিলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



