স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৩০

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ২৮ আগস্ট ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৩০ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২০ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ১৮ জন, বাগেরহাটে ৫ জন, সাতক্ষীরায় ২ জন, নড়াইলে ৪ জন এবং কুষ্টিয়ায় ১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ৫ হাজার ১৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৩৬৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৫ জন। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ১১১ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে খুলনা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন ১৮ জন ভর্তি হয়েছেন। বাগেরহাটে ৫ জন, সাতক্ষীরায় ২ জন, নড়াইলে ৪ জন এবং কুষ্টিয়ায় ১ জন ভর্তি হয়েছেন। যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ সময়ে নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু না থাকায় মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে বর্তমানে ৬৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের প্রয়োজন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button