কচুয়ায় দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া এলাকায় দাবীকৃত চাঁদা না পেয়ে বালু উত্তোলনের পাইপ ভাংচুর করে দিয়েছে চাঁদাবাজরা। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কচুয়া সরকারি মহিলা কলেজের সামনে। বালুর ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন তার ৬৫টি পিস বালুর পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। এতে তার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উপজেলার টেংরাখালী গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে বালুর ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলাম চুক্তিতে বালু উত্তোলনের ব্যবসা করে আসছেন। এদিন সন্ধ্যার দিকে একদল সন্ত্রাসী এসে তার বালুর পাইপগুলো ভেঙে ফেলে এবং তাকে জীবননাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় তিনি ঘটনার সাথে জড়িত এলাকার এমদাদুল হক মাসুদ, নাহিদ সরদার ও রিয়াজুল ইসলাম রিয়াজের বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা গত ৩/৪ মাস ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছে। এ বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ আল মামুন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



