খুলনায় টুন্ডা শামীমের আস্তানায় হামলার ছক!

# মামলায় টুন্ডা শামীমসহ ৩৩ জনের নামসহ আসামি ২০০-২৫০ অজ্ঞাত #
স্টাফ রিপোর্টার :
খুলনায় কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ার সময় হামলার প্রস্তুতির অভিযোগে টুন্ডা শামীমসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে ডিবি পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জন নারী-পুরুষকে আসামি করা হয়েছে। পুলিশের দাবি, নির্দিষ্ট কয়েকজন আসামিকে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় হামলার উদ্দেশ্যে খুলনা রেললাইন সংলগ্ন লেবার বস্তিতে টুন্ডা শামীমের বসতঘরে লোকজন জড়ো হয়ে বৈঠক করছিল। পরে সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের জিডি নং-৭৩৭, তারিখ ২৪ আগস্ট ২০২৬-এর সূত্রে ডিবি পুলিশের একটি দল দক্ষিণ বিভাগে বিশেষ অভিযান ডিউটিতে ছিল। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের দলটি খুলনা নিউ মার্কেট এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সূত্রে পুলিশ জানতে পারে, একটি মামলার আসামি পলাশ ও রাসেলকে কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগার-১-এ আনা হবে। তাদের জেলখানা, গারদখানা ও আদালতে আনা-নেওয়ার সময় এবং আদালতে হাজিরার সময় হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও পুলিশ তথ্য পায়।
পুলিশের অভিযোগ, এ হামলার উদ্দেশ্যে টুন্ডা শামীম, কালা তুহিন, সৌরভসহ কয়েকজন এবং তাদের অনুসারীরা রেললাইন সংলগ্ন লেবার বস্তিতে টুন্ডা শামীমের বসতঘরে একত্রিত হয়ে সভা করছিলেন।
গোপন সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবির এএসআই মো. উজ্জল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
২৫ আগস্ট খুলনা সদর থানায় দায়ের করা মামলায় শামীম শেখ ওরফে টুন্ডা শামীম (৪৫)কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় মো. বেল্লাল মোল্যা, মো. গফফার শেখ, মো. সাগর মিয়া, মো. সাকিব, মিঠু হাওলাদার, মামুন হাওলাদার, মুন্না, সুমন, বান্ধি, হিরা বেগম, বায়ু শিকদার, রাজিব শিকদার, মিরাজ শিকদার, মিরাজ হাওলাদার, রুবেল, ফারজানা, হাওয়া, নাছিমা, কানা ভানু, মো. জুয়েল, হামিদা, হাফিজা, রহি, নীলুফা, হাফিজ, মো. আব্দুল হামিদ রনি, মো. আশিক ওরফে ঘ্যানা আশিক, মো. আলামিন ফকির, সয়ল ব্যাপারী, মো. হৃদয় শিকদার, মো. তাওহিদুল বিশ্বাস ওরফে কালা তুহিন এবং বশিরের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জন নারী-পুরুষকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার বাদী খুলনা মহানগর ডিবির এসআই আবু হেনা মোস্তফা কামাল বলেন, ২৪ আগস্ট অভিযান পরিচালনার সময় আসামিদের হামলায় ডিবির এএসআই উজ্জলসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরে এ ঘটনায় তিনি বাদী হয়ে ২৫ আগস্ট খুলনা সদর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই আলী আযম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে হামলার প্রস্তুতি ও ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।



