স্থানীয় সংবাদ

সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে খুলনা পাবলিক কলেজ চ্যাম্পিয়ন

খবর বিজ্ঞপ্তি ঃ ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই স্লোগানে বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্কের খুলনা পর্যায়ের উৎসব বুধবার (১৬ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। বিতার্কিকদের যুক্তিতর্কে সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত উৎসবমুখর ছিল খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ। উৎসবে ক্ষুরধার যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা পাবলিক কলেজ। রানারআপ হয় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া সরকারি বালিকা বিদ্যালয়ের দলনেতা কাজী সুমাইয়া জাহান সেরা বক্তা নির্বাচিত হন। দুপুরে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আকতার। তিনি শিক্ষার্থীদের যুক্তির সিড়ি বেয়ে যে কোনো সমস্যা সমাধানের পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে বিজ্ঞান শিক্ষায় নতুন প্রজন্ম যাতে বেশি করে উদ্বুদ্ধ হয় সেদিকে দৃষ্টি রাখতে অভিভাবকদের পরামর্শ দেন। তিনি প্রতিবছর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশসেরা বিতার্কিক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। চ্যাম্পিয়ন দলের ৩ সদস্য খুলনা পাবলিক কলেজের পার্থ সারথি বালা, খান তাওমিদ সামী ও এস এম জামিল বলেন, ‘বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় খুলনা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দ লাগছে। আশা করছি বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো’। রানার আপ সরকারি বালিকা বিদ্যালয়ের বির্তাকিক মিহিরিমা জান্নাত, আনতিশা রহমান স্বপ্ন ও কাজী সুমাইয়া জাহান বলেন, এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই ভাল লাগছে। ছোট ভুলগুলো দূর করে ভবিষ্যতে আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িকের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, সহ-সভাপতি তামান্না আকতার, সহকারী পরিচালক পার্থ দত্ত, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডেবেটিং ক্লাবের সভাপতি আহনাফ আজমাঈন খান ফাহিম এবং ২০১৯ সালের বিতর্ক উৎসবের জাতীয় চ্যাম্পিয়ন দলের সদস্য ও সেরা বিতার্কিক ফাওজিয়া ফারিয়া জেবা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ খুলনার আহ্বায়ক মাহদী হাসান সীন, সদস্য সচিব সুমাইয়া সিদ্দিকা শম্পা, সদস্য ইশতিয়াক কামাল, জাহিদ হাসান ও সত্যেন্দ্র নাথ, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম, শরিফুল আলম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button