নগরীতে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে সাজ্জাদের ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুলিবিদ্ধ সাজ্জাদ টুটপাড়া এলাকার বাসিন্দা কাজী কামালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, টুটপাড়া এলাকায় কাজী সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, “আমি হাসপাতালে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।



