খুলনায় ডেঙ্গুর বিস্তার থামছেই না

২৪ ঘণ্টায়-১৬৫ রোগী ভর্তি : খুমেকে মৃত্যু-১
# রূপসায় ডেঙ্গু পরিস্থিতি খারাপ, দিঘলিয়ায় বাড়ছে : ডেপুটি সিভিল সার্জন #
# খুলনায় ৯ মাসে আক্রান্ত সাড়ে ৭ হাজার : খুমেক হাসপাতালেসহ মৃত্যু ৪০ #
# খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ভর্তি ২৬৭ জন #
কামরুল হোসেন মনি :
খুলনায় ডেঙ্গুর প্রকোপ যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে হাসপাতালের রোগীর তালিকা। নগর থেকে গ্রামÑপ্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১১১ জন ও বেসরকারি হাসপাতালে ৫৪ জন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের ৯ মাসে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫২৯ জন। একই সময়ে প্রাণ গেছে ৪০ জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসাব্যবস্থাও।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১১১ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই সময়ে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬৫ জনের বেশি রোগী। এ পর্যন্ত মোট ৬ হাজার ৬৭৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া ১৬৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, এসময়ে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। খুলনা বিশেষায়িত হাসপাতালে ১৮ জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন।
উপজেলা পর্যায়েও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে :
গত ২৪ ঘণ্টায় রূপসায় ৯ জন, বটিয়াঘাটায় ৭ জন, ফুলতায় ৮ জন, দাকোপ, ডুমুরিয়া ও কয়রায় দুজন করে, পাইকগাছা ও তেরখাদায় তিনজন করে এবং দিঘলিয়ায় একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং ইসলামী ব্যাংক হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে খুলনার উপজেলাগুলোর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি রূপসায়। সেখানে এ পর্যন্ত ৬১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর দিঘলিয়ায় ২৮৩ জন, ফুলতায় ১৯৯ জন, দাকোপে ১৭৮ জন, পাইকগাছায় ১৬৭ জন, বটিয়াঘাটায় ১২৫ জন, ডুমুরিয়ায় ৮৩ জন এবং কয়রায় ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফুলতায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী বলেন, খুলনার নয় উপজেলার মধ্যে রূপসায় ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ। এরপর দিঘলিয়াতেও রোগীর সংখ্যা বাড়ছে। তবে রূপসা ও দিঘলিয়ায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শুধু ফুলতায় এ পর্যন্ত একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই।
খুলনা মহানগরীর হাসপাতালগুলোর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে এ পর্যন্ত ২ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন ২৪ জন। খুলনা বিশেষায়িত হাসপাতালে ৩৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন চারজন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিলেও সেখানে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুজন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫২ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা হয়েছে, যার মধ্যে আটজন মারা গেছেন। ইসলামী ব্যাংক হাসপাতালে এ পর্যন্ত ১১৯ জন এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আদ-দ্বীন আকিজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যু :
এদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত সোমবারের (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গুর রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ৪৬ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১১৩ জন। জেলা ও প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, খুলনা জেলায় ১৬ জন, বাগেরহাটে তিনজন, যশোরে দুজন এবং চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১২৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, বাগেরহাটে ৩৬ জন, যশোরে ১৩ জন, সাতক্ষীরায় ১২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঝিনাইদহে ৯ জন, মাগুরায় সাতজন, নড়াইলে ছয়জন, কুষ্টিয়ায় ছয়জন এবং মেহেরপুরে সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
খুলনায় ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী প্রবণতায় নগরীর পাশাপাশি উপজেলা পর্যায়েও চিকিৎসাসেবার ওপর চাপ বাড়ছে। বিশেষ করে রূপসা ও দিঘলিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।



