মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার : উদ্ধার প্রায় ২০ লাখ টাকা

# এসআরবি-৬ এর অভিযান #
স্টাফ রিপোর্টার ঃ মাগুরায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ মো. রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস বুম মাইক্রোফোন ও খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
এসআরবি-৬ এর খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি বর্তমানে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন। অভিযানকারী দলের সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী জব্দ করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা আলামতসহ তাঁকে থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।



