স্থানীয় সংবাদ

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোর ব্যুরো ঃ যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানে সাত তলাবিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শহরের মণিহার সিনেমা হল রোডসংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শ্রম ও নিষ্ঠার ওপর শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার একটি বড় অংশ নির্ভরশীল। অথচ এসব কর্মীর আবাসনসহ জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। তাঁদের আবাসন সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উন্নত আবাসন সুবিধা পাবেন। এর মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে প্রকল্পটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সাততলাবিশিষ্ট ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা সম্প্রসারিত হবে। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত এসব শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশের ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button