খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩০ : মৃত্যু ২

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮২১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এর মধ্যে খুলনায় ২৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন, বাগেরহাটে ২ জন, যশোর ও ঝিনাইদহে দুইজন করে এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগ থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাগেরহাটে ১৬ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, যশোরে ১৩ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ছয়জন, নড়াইলে ১১ জন, কুষ্টিয়ায় সাতজন, চুয়াডাঙ্গায় সাতজন এবং মেহেরপুরে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত খুলনায় ৬ হাজার ৪৭৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২০৪ জন, বাগেরহাটে ২ হাজার ২২৭ জন, সাতক্ষীরায় ৫০৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫১ জন, যশোরে ১ হাজার ৬৫৯ জন, ঝিনাইদহে ৪৮৭ জন, মাগুরায় ৩৮৫ জন, নড়াইলে ৬০৭ জন, কুষ্টিয়ায় ৪২৮ জন, চুয়াডাঙ্গায় ১৬৮ জন এবং মেহেরপুরে ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ১৫ হাজার ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৫ জন। এ ছাড়া এ পর্যন্ত ৪০৩ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।



