স্থানীয় সংবাদ
খুলনায় কৃষি খামার থেকে পিস্তলের ৬ ম্যাগাজিন ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার : খুলনার বটিয়াঘাটা উপজেলায় কথিত রফিক বাহিনীর প্রধান রফিকের কৃষি খামারের ঘেরের ঘর থেকে পিস্তলের ছয়টি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি মোবাইল ফোন ও পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট গ্রামের রফিকের দখলে থাকা কৃষি খামারের ঘেরের ঘরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিক বাহিনীর প্রধান রফিকের ঘের থেকে তার পরিচয়পত্র, পিস্তলের ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



