স্থানীয় সংবাদ

আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের এক মাসেও খুলনা চেম্বারের নির্বাচন নিয়ে উদ্যোগ নেই

# রাজনৈতিক প্রভাবের অভিযোগ প্রার্থীদের : হতাশ ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার ঃ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে এক মাস আগে। কিন্তু এরপরও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। আদালতের রায় প্রকাশের পর সম্ভাব্য প্রার্থীরা নতুন উদ্যমে প্রচারণা শুরু করলেও সময়ের সঙ্গে তাঁদের সেই উৎসাহেও ভাটা পড়েছে। আইনি বাধা না থাকলেও নির্বাচন আয়োজনে গড়িমসিতে ক্ষুব্ধ প্রার্থী ও ভোটাররা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কার্যত অসহায় হয়ে পড়েছে। সূত্র জানায়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ভোটার তালিকায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশন খারিজ করে গত ১২ অক্টোবর চূড়ান্ত রায় ও পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত উল্লেখ করেন, আবেদনের মূল বিষয় ছিল ৮৯৮ জন সদস্যের অন্তর্ভুক্তি। বিষয়টি ইতিমধ্যে আপিল বোর্ড নিষ্পত্তি করেছে। আপিল বোর্ড কেসিসিআইয়ের ভোটার তালিকা থেকে ৬৯৭ জন সদস্যকে বাদ দিয়েছে। ফলে তাঁরা আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আবেদনকারীর মূল আপত্তির বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আদালতের আদেশের অনুলিপি গত ১৫ অক্টোবর ডাকযোগে খুলনায় পৌঁছায়। চেম্বার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মে খুলনা চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২২ আগস্ট। পরে মামলাজনিত কারণে তফসিল সংশোধন করে ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু নতুন সদস্য অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের হওয়ায় গত ২০ আগস্ট নির্বাচন স্থগিত করে নির্বাচনী বোর্ড। এর আগে ১৮ আগস্ট পূর্বঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদের বিপরীতে দুটি, জ্যেষ্ঠ সহসভাপতি পদের বিপরীতে তিনটি এবং সহসভাপতির দুটি পদের বিপরীতে ছয়টি মনোনয়নপত্র জমা পড়ে। এ ছাড়া সাধারণ শ্রেণির পরিচালকের ১৫টি পদের বিপরীতে ৩৫টি এবং সহযোগী শ্রেণির পরিচালকের ছয়টি পদের বিপরীতে ১২টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তফসিল ঘোষণার অনেক আগে থেকেই প্রার্থীরা প্রচারণায় নেমেছিলেন। কিন্তু আদালতে রিটের কারণে নির্বাচন স্থগিত হলে তাঁদের সেই উৎসাহে ভাটা পড়ে। সহযোগী শ্রেণির পরিচালক প্রার্থী মো. রবিউল ইসলাম বলেন, খুলনা চেম্বারে নির্বাচিত কমিটি না থাকায় ব্যবসায়ী সমাজ নানা সংকটে পড়েছে। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে চেম্বার থেকে বিভিন্ন ধরনের সেবা নিতে হয়। কিন্তু সেসব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নতুন করে কেউ সদস্য হতে পারছেন না, পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়নও হচ্ছে না। আদালতের রায়ের পরও ভোট আয়োজনের কোনো উদ্যোগ না দেখে ভোটাররা হতাশ। সহসভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ শফিকুল ইসলাম তুহিন বলেন, বিগত সরকারের সময়ে ১২ থেকে ১৪ বছর এখানে কোনো নির্বাচন হয়নি। সিলেকশনের মাধ্যমে একটি প্যানেল গঠন করা হতো। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর খুলনার ব্যবসায়ী সমাজের প্রত্যাশা ছিল, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। কিন্তু বারবার সেই প্রক্রিয়া থামিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে অতীতের মতো আবারও ভোটের পরিবর্তে মনোনয়ন বা অন্য কোনো উপায়ে পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সভাপতি প্রার্থী ও বিএফএফইএ-এর ভাইস প্রেসিডেন্ট মো. তারিকুল ইসলাম জহীর বলেন, আদালতের রায় আসার পর নির্বাচন কমিশন জানিয়েছিল, পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। খুলনার ব্যবসায়ী সমাজ সন্ত্রাস ও চাঁদাবাজদের অত্যাচারে জর্জরিত। তাঁদের সুরক্ষায় চেম্বার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। বিষয়টি হতাশাজনক। অপর সভাপতি প্রার্থী কাজী হাফিজুর রহমান বলেন, ১৪ থেকে ১৫ বছর খুলনা চেম্বারে ভোট হয়নি, সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। এবার ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘেœ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে চান। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনেক ভোটার ২০ হাজার টাকা ফি দিয়ে সদস্যপদ নবায়ন করেছেন। তাঁদের অনেকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। আবার যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও অনেকে ভোটার হয়েছেন। এসব অনিয়ম দূর করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে রাজনৈতিক চাপ রয়েছে। তাঁরা দাবি করেন, ভোট ছাড়াই পছন্দের একটি প্যানেলকে এককভাবে চেম্বারের দায়িত্বে বসানোর চেষ্টা চলছে। এদিকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা বিভাগীয় পরিচালক মো. শাহীনুজ্জামানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুলনা চেম্বারের বর্তমান প্রশাসক ও খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সাঈদ মো. মনজুর আলম বলেন, উচ্চ আদালতে রিটটি খারিজ হয়ে যাওয়ায় কেসিসিআইয়ের নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা নেই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী বোর্ডের সঙ্গে বসে ভোটের নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হবে। তিনি জানান, খুলনা চেম্বারের বৈধ ভোটারের সংখ্যা ১ হাজার ৭০৫ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button