জাতীয় সংবাদ

‘কক্সবাজার আমার বাড়ি হওয়া অপরাধ নয়, মাদকের সৃজন আমি করিনি’

প্রবাহ রিপোর্ট ঃ ’ জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যের ওপর কথা বলেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে দু-একটা অম্লমধুর কথা বললেও তিনি জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে সংসদে আমরা তর্ক করব, বিতর্ক করব, এটা খুব স্বাভাবিক। কিন্তু ৩০০ বিধির পরে আপনি অ্যালাউ না করে যদি অন্য পয়েন্টে অ্যালাউ করতেন, তাহলে আপনার বিধি ভঙ্গ হতো না। উনাকে আপনি অন্য সময়ে দিতে পারতেন আরকি। কিন্তু ৩০০ বিধির পরে আসলে কোনো প্রশ্ন হয় না বা বক্তব্য হয় না। এটা ট্র্যাডিশন অব দ্য পার্লামেন্ট, অ্যাজ পার দ্য রুলস অব প্রসিডিউর।’ তিনি আরও বলেন, ‘এখন আমরা এখানে তর্ক করব, বিতর্ক করব, এখানেই থাকবে। আমার কিছু বক্তব্য হয়তো মাননীয় বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিতপূর্ণ ছিল, সত্য। কিন্তু তিনিও কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। আমি এই বিতর্কে যাব না। আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। এটা আমাদের বহন করে যেতে হচ্ছে রোহিঙ্গা রিফিউজি আসার পর থেকে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংকট তৈরি হয়েছে এবং আমরা তা মোকাবিলার চেষ্টা করছি। আমাদের একজন সেনাবাহিনীর সদস্য অল্প কয়েক দিন আগেই মাদক পাচারকারী ও মানব পাচারকারীদের রুখতে গিয়ে শহীদ হয়েছেন। সেখান থেকে ৫৬ জন নিরীহ মানুষ, নারী-শিশুসহ নারী-পুরুষকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা, মাননীয় স্পিকার।’ তিনি বলেন, ‘আমরা পদক্ষেপ নিচ্ছি, চেষ্টা করছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, সেনাবাহিনীসহ সবাই যৌথভাবে ওই সীমান্তে কাজ করছে। প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি, তাঁরা বিষয়টি বুঝবেন।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button