স্থানীয় সংবাদ

রূপসায় নির্মাণাধীন দেয়াল ধসে মাদ্রাসার অফিস সহায়কের মর্মান্তিক মৃত্যু: জানাজা সম্পন্ন

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলায় নির্মাণাধীন রাইস মিলের ইটের দেয়াল ধসে চাপা পড়ে খলিলুর রহমান খান (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর সুতালের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান খান উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় অফিস সহায়কের দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণ কাজে সহায়তা করতেন খলিলুর রহমান। শুক্রবার সকালে তিনি দেবীপুর সুতালের বটতলা সংলগ্ন একটি রাইস মিলে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ পাশের একটি নির্মাণাধীন ইটের দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি ইটের স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এদিকে শুক্রবার মাগরিবের নামাজের পর নতুনহাট ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, গ্রামবাসী, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার শুভাকাক্সক্ষীরা অংশ নেন।নিহত খলিলুর রহমান খান এলাকায় একজন পরিশ্রমী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর সন্তান ও স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে সামন্তসেনা গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button