তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা হামাসের : বেশ কয়েকজন আহতের কথা স্বীকার

হামাসের হামলায় এ পর্যন্ত ৪০৬জন ইসরায়েলি সেনা নিহত
প্রবাহ রিপোর্ট ঃ অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব শহরে। এছাড়াও হামাসের হামলায় গতকালও মোট ৩ ইসরাইলী সেনা নিহতের খবর স্বীকার করেছে আইডিএফ। এ পর্যন্ত ইসরাইলি সেনা বাহিনীর মোট ৪০৬জন নিহত হলো হামাসের হাতে। এছাড়া গতকালের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, তেল আবিব ব্যস্ত এক ফুটপাতে রকেটের বড় টুকরো পড়ে আছে। আরেকটি ভিডিওতে তেল আবিবের একটি স্কুলের পাশের পার্কে ধ্বংসাবশেষ দেখা যায়। এ সময় সেখানে ধোঁয়া উড়তেও দেখা যায়। মঙ্গলবারের এই হামলায় তেল আবিবে বেশ কয়েকজন আহত হয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে তেল আবিবের বিভিন্ন এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে হামাস। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ বলছে, গাজা থেকে তেল আবিবে একযোগে প্রায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব শহরের কেন্দ্র ও এর আশপাশের কয়েকটি শহরেও রকেট হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয়। এদিকে, লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলের উত্তরাঞ্চলেও কয়েক দফা রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের কয়েকটি বসতি লক্ষ্য এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ্অপরদিকে, গাজা উপত্যকায় গত ২ মাসেরও বেশি সময় ধরা চলা যুদ্ধে এ পর্যন্ত মোট ৪০৬ জন সেনা কর্মকর্তা ও সদস্য হারিয়েছে ইসরায়েল। সর্বশেষ মঙ্গলবার এক সেনা কর্মকর্তা ও দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই দিন উত্তর গাজায় সংঘাত চলাকালে গুরুতর আহত হয়েছেন আরও ৪ সেনা সদস্য। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার নিহত ৩ জনের মধ্যে দুই জনের নাম-পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন ক্যাপ্টেন ইয়াহেল গাজিত (২৪) এবং মাস্টার সার্জেন্ট গিল ড্যানিয়েলস। সূত্র: বিবিসি।



