আজ কিছু এলাকায় বৃষ্টির আভাস : কমতে পারে শৈত্যপ্রবাহ

প্রবাহ রিপোর্ট : দেশের কিছু জায়গায় আজ মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া চলমান শৈত্য প্রবাহও কমে যেতে পারে। গতকাল সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। এছাড়া মৌলভীবাজার, কুমিল্লা, ফেণী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুকিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের প্রথম দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গতকাল সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহে দিনাজপুরে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে। সেই সঙ্গে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ক্রমাগত এমন শীত আগে দেখেনি এ জেলার বাসিন্দারা। গতকাল সোমবার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় জেলায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত রোববার দিনাজপুরে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল গতকালের দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিনাজপুর। একটানা এমন শীত আগে দেখেননি জেলার বাসিন্দারা। দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম। তিনি বলেন, আগে মাঘ মাসে মাঝেমধ্যে এমন শীত দেখা যেত। আর সকালে এবং সন্ধ্যার পর থেকে রাতে শীত বাড়ত। তবে সূর্য উঠত নিয়মিত। তাপমাত্রা কখনও ১০ ডিগ্রি হলে পরেরদিনই ১৫ ডিগ্রি হতো। এভাবে কমবেশি হতো। কিন্তু এবার এক সপ্তাহ থেকে লাগাতার ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা। এমন শীত আগে দেখিনি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩, ২৬ জানুয়ারি ৭ দশমিক ৩, ২৭ জানুয়ারি ৮ দশমিক ২, ২৮ জানুয়ারি ৫ দশমিক ৩ এবং ২৯ জানুয়ারি ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, দিনাজপুরের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। কয়েকদিনের মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।



