জাতীয় সংবাদ

পহেলা বৈশাখে যৌন হয়রানির মামলায় সাক্ষ্যগ্রহণ ১ সেপ্টেম্বর

প্রবাহ রিপোর্ট : পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি এলাকায় যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য আদালত আগামী ১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। জানা গেছে, ২০১৫ সালের পহেলা বৈশাখে টিএসটি এলাকায় কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হন। ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। শাহবাগ থানার পুলিশ মামলাটি কয়েক দিন তদন্তের পরই তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি পুনঃতদন্তের আদেশ দেন। পুনঃতদন্ত শেষে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবদুর রাজ্জাক একমাত্র আসামি কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ১৯ জুন মামলাটিতে আসামি কামালের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এ মামলায় ৩৪ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করা হয়। তবে আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন আসামি। পরে ২৩ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ৩১ জানুয়ারি রায়ের তারিখ ধার্য করেন। তবে ওইদিন রায় ঘোষণা পিছিয়ে ১৩ ফেব্রুয়ারি ধার্য করা হয়। ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষীর জন্য রাখেন। মামলার একমাত্র আসামি কামাল জামিনে আছেন। হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button