সৈকতে ভেসে এল অজ্ঞাত তরুণীর লাশ

প্রবাহ রিপোর্ট : কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসা অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর। তবে নাম ও পরিচয় পাওয়া যায়নি। গত বুধবার রাতে সৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি মো. রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাকিবুজ্জামান বলেন, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে সে বিষয়টি লোকজনকে জানায়। এতে স্থানীয় নুরুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ওসি আরও জানান, নিহত তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার কপালের ডান পাশে আঘাতে সামান্য চিহ্ন দেখা গেলেও তা অনেকদিন আগের। তার মাথার চুল ছোট করে কাটা এবং তার পরনে থ্রি-পিস ছিল। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই তরুণীর পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে আছে বলেও জানান তিনি।



