জাতীয় সংবাদ
হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার বোয়ালিয়া এলাকায় সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি হয়ত লিচু ব্যবসায়ী ছিলেন। ধারণা করা হচ্ছে তার সঙ্গে থাকা ব্যক্তিরা তার লিচু নিয়ে তাকে গাড়ি থেকে হাত-পা বেঁধে ফেলে দেন। এতে তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিদের আটকের চেষ্টাসহ ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।



